জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে ফলাফল স্থগিত এবং পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি’র সদস্য সচিব ও প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ। গত শুক্রবার রাত ১০টায় কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়াস্থ তার নিজ বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পাবলিক প্রসিকিউটর বজলুল রশিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রার্থী অভিযোগ করে বলেন, কুড়িগ্রাম-২ আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু প্রশাসনের সহযোগিতায় জনগণের রায়ের প্রতিফলন করা হয়নি। তিনি বলেন, অনেক কেন্দ্রে পোলিং এজেন্টকে আটকে রাখা, পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই রেজাল্ট সিট জমা দেয়া হয়েছে। ধানের শীষের ব্যালটের উপর শাপলা কলির ব্যালট মুড়িয়ে গণনায় যুক্ত করা হয়। ভোটকেন্দ্রে ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসার সময় স্থানীয় মানুষজনের প্রতিরোধের মুখে সড়কেই ভোট গণনা করা হয়। কয়েকটি কেন্দ্রে ধানের শীষ যে পরিমাণে ভোট পেয়েছিল সেই ফলাফল না দেয়ায় জনগণের সন্দেহ হলে তা আটকিয়ে দেয়। এ ছাড়া, গণনায় গরমিল পাওয়ায় স্থানীয়রা বাধা দিলে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে ফলাফল না দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসে। ব্যালট পেপারের সংখ্যা কমিয়ে দেয়া এবং কেন্দ্রে ঘোষিত ফলাফলের সঙ্গে ইউএনও অফিসের ফলাফল অমিল, অনেক কেন্দ্রে নষ্ট ভোট না থাকাসহ নানা অভিযোগ করেন। এসব অভিযোগের তথ্য-প্রমাণসহ ফলাফল স্থগিত চেয়ে এবং পুনর্গণনার দাবিতে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত দেয়া হয়েছে বলে জানানো হয়। তিনি দাবি করেন- তার আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফল পুনর্গণনা করা হলে মানুষ ধানের শীষে যে ভোট দিয়েছে তার প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে। উল্লেখ্য, কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের এনসিপি’র প্রার্থী ড. আতিক মুজাহিদ ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৭১ হাজার ৪৫ ভোট।
ফলাফল স্থগিত এবং পুনর্গণনার দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
