যশোরে পার্কিংয়ে থাকা যুবদল নেতার বাসে অগ্নিসংযোগ

যশোরে পার্কিংয়ে থাকা যুবদল নেতার বাসে অগ্নিসংযোগ

ফন্ট সাইজ:

যশোরে যুবদল নেতার একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতায় পাশে থাকা আরেকটি বাসও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। গতকাল দিবাগত রাত ১টা ১৫ মিনিটে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর মেহগনিতলা এলাকায় এ ঘটনা ঘটে। বাসটির মালিক যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার কলেজ প্রভাষক মো. আবু বক্কর সিদ্দিক বেলাল। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি সংসদ নির্বাচনে বাহাদুরপুর কেন্দ্রে ধানের শীষের প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন। প্রভাষক বেলাল জানান, তার বাড়ি থেকে প্রায় ৫শ’ গজ দূরে তার বাসটিসহ দু’টি বাস পার্কিং করা ছিল। বাস দু’টি স্কুলে ছাত্র পরিবহনের জন্য ভাড়া দিতেন। ভাড়া না থাকায় গত দুই মাস ধরে গাড়ি দু’টি রাস্তার পাশে পার্কিং করে রাখতেন। শুক্রবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির অন্তত ১৪টি কাঁচ ভেঙে যায়। আগুনের তীব্রতায় পাশে থাকা অপর বাসটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। চালক মো. মকবুল হোসেন আগুন দেখতে পেয়ে তাকে খবর দেন। এরপর খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রভাষক বেলাল দাবি করেন, এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন