সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি নেতার কথায় ভোট দিতে না গিয়ে বিএনপি’র আরেক নেতার কথায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ায় বিএনপি’র ক্ষুব্ধ ওই নেতা ও তার অনুসারীদের হামলায় নারীসহ কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৫ জনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেনÑ সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০), রেহেনা খাতুন (২০)। স্থানীয়রা জানান, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন সকালে গ্রামের কয়েকটি বাড়ির সদস্যদের ভোট দিতে কেন্দ্রে যেতে বলেন। কিন্তু ওই পরিবারগুলোর সদস্যরা তার কথা না শুনে পরে গ্রামেরই আরেক বিএনপি নেতা মো. নাসির উদ্দিনের কথায় ভোট দিতে ভোটকেন্দ্রে যান। এ নিয়ে ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও তার অনুসারীরা রাগান্বিত ছিলেন। পরে এর জেরে শনিবার সকালে বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও তার ৭ থেকে ৮ জন অনুসারী গ্রামের কয়েকটি বাড়িতে গিয়ে লাটিসোটা নিয়ে পরিবারের সদস্যদের বেধড়ক মারপিট শুরু করেন। এতে নারীসহ ওই পরিবারগুলোর সাত ব্যক্তি গুরুতর আহত হন। হামলার বিষয়ে মাধাইনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি স. ম আফসার আলী বলেন, ঘটনাটির সঙ্গে জড়িত উভয়েই বিএনপি করে। আমি ঘটনাটি জানার পর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান দুপুরে বলেন, এখনো এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
তাড়াশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীসহ আহত ৭
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
