ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বেসরকারি ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবিতে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে কাউনিয়া উপজেলা বিএনপি ও ধানের শীষের কর্মী সমর্থকরা। শনিবার বেলা পৌনে ১টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি চলাকালীন সময় বিএনপি’র নেতাকর্মী, সমর্থকরা ১১ দলীয় প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেনের শাপলা কলি প্রতীককে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করেছেন বলে অভিযোগ করেন। এ সময় কাউনিয়া পীরগাছা এলাকার জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন পুনরায় ভোট গণনার আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, কাউনিয়ায় পীরগাছা এলাকার মানুষ আমাকে শতভাগ ভোট দিয়েছে, আমি তাদের ভোটে নির্বাচিত হয়েছি। কিন্তু এনসিপি’র প্রার্থী ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় তার পক্ষে নিয়েছে। আমি আমার জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে আছি এবং যতক্ষণ পুনরায় ভোট গণনার আশ্বাস দেবে না ততক্ষণ আন্দোলন চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পাপিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল এবং কাউনিয়া থানার ওসি নজমুল হক বিএনপি’র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে গিয়ে তাদেরকে আইনগতভাবে এগোনোর কথা বলে এবং তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিলেও নেতাকর্মীরা মহাসড়ক না ছাড়ার ঘোষণা দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখান থেকে ফিরে যান। দুই ঘণ্টা সময় ধরে অবস্থান কর্মসূচি চলাকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের উভয় পাশে কয়েক হাজার যাত্রীবাহী বাস, ট্রাক, ব্যাটারিচালিত অটো দাঁড়িয়ে থাকে। এতে করে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী জনসাধারণ ভোগান্তিতে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত আছে।
কাউনিয়ায় পুনরায় ভোট গণনার দাবিতে মহাসড়কে অবস্থান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
