ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তাপ

ফন্ট সাইজ:

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি ও জামায়াত। এ ছাড়া টানা দ্বিতীয়বার নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ প্যানেল। এর আগে আওয়ামী লীগের নেতৃত্বে এক প্যানেল ও বিএনপি-জামায়াত অন্য প্যানেলে নির্বাচন করে আসছিলো। আগামী ১৬ই ফেব্রুয়ারি সমিতি ভবনে ভোট দিবেন আইনজীবী ভোটাররা। এর আগে ১৭ই জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ থাকলেও সংসদ নির্বাচনের কারণে ইসির নির্দেশনায় স্থগিত হয়ে যায়। অতিরিক্ত সাধারণ সভা ডেকে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে ১৬ই ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এক বছর মেয়াদের কমিটিতে ১৫ পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী। মাঝেমধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হলেও বেশির ভাগ নির্বাচনে ভূমিধস বিজয়ী হয় বিএনপি-জামায়াত প্যানেল। তবে এবারের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগের প্যানেল না থাকা আর মিত্রদের জোট ও ভোট ভাগ হয়ে যাওয়া নিয়ে ভোটাররাও বিভক্ত। বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেলে সভাপতি প্রার্থী ফরিদ উদ্দিন খান নয়ন, সহ-সভাপতি পদে মুহাম্মদ শহিদুল ইসলাম ও মো. সামছু উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোশাররফ হোসেন খন্দকার, অডিটর পদে হুমায়ুন কবির বাদল, অর্থ সম্পাদক পদে প্রিন্স মাহমুদ চৌধুরী, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসিন আরাফাত তারেক। ছয় সদস্য পদে আরিফুল ইসলাম, মোহা. মনির উদ্দিন সোহাগ, মো. আবদুর রহিম সুজন, রোমেনা আফরোজ, এ এস এম ফখরুদ্দিন ভূঞা ও আবদুল্লাহ আল মামুন জুয়েল। জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে মো. মঈন উদ্দীন, সহ- সভাপতি পদে কামাল উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ বেলায়েত হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন বিন ওয়াদুদ, অডিটর পদে আবুল বাশার আরিফ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান ও লাইব্রেরি সম্পাদক পদে মো.ফখরুদ্দিন হেলালী। ছয়টি সদস্য পদে শাহীদুল হক, আব্দুর রহিম মামুন, হুসমিস সামাহ্‌ শেলী, জিয়াদ হাসান রাসেল, ফেরদৌস আরা লিয়া ও নাঈম উদ্দিন। প্যানেলবদ্ধ ছাড়াও আওয়ামী লীগ ও বাম দলের স্বতন্ত্র হিসেবে চারটি পদে প্রার্থী হয়েছেন দুইজন। এরা হলেন- সভাপতি পদে বিমল চন্দ্র শীল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, অডিটর পদে মো. আইয়ুব আলী মিলন ও সদস্য পদে সুলতান আহমদ। আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ফেনী জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্যগণ, আর মোট ভোটার সংখ্যা ৩৪৬ জন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মীর মোশাররফ হোসেন জানান, সব প্রার্থী ভোটারদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সম্মান বজায় রেখেই সবসময় ভোটে অংশ নেন আইনজীবীরা। এবারো তার ব্যতিক্রম ঘটবে না। নির্বাচন পরিচালনা থেকে শুরু করে ভোটগ্রহণ গণনা ও আইনশৃঙ্খলা সবই নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে বলেও জানান সমিতির সাধারণ সম্পাদক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন