চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. শাহজাহান আলী। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি’র ক্রাইম সিন টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে বিকাল ৪টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলো, সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের আলামিন ও একই এলাকার জিহাদ। দু’জনই ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত। আহতরা হলো- ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)। জানা গেছে, সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ ও হতাহতের ঘটনা নতুন নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব, রাজনৈতিক ও এলাকার আধিপত্য, পারিবারিক রেষ, এমনকি হালের কিশোর গ্যাংয়ের সদস্যরাও ব্যবহার করে ককটেল। তিন দশক ধরে এই অঞ্চলে ককটেলের কারবার চলছে। ককটেল বানানোর সময় বিস্ফোরণের ঘটনায় আবারো সামনে এসেছে এই ককটেল নিয়ে আলোচনা।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, রাতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সারা শরীর ঝলসে গেছে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ককটেল বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে। যে বাড়িতে বোমা বানানো হচ্ছিলো সেটিও আংশিকভাবে ভেঙে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ঘটনাস্থলে বোম্বা ডিসপোজাল ইউনিট ও সিআইডি’র ক্রাইম সিনের সদস্যরা এসেছে। তারা আলামত সংগ্রহ করবেন। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, পুলিশের তদন্ত চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়ার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার কারণ ও কাদের সংশ্লিষ্টতা আছে সেটি জানা যাবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন