ইডেনে স্কটিশদের চোখরাঙানি, ব্যান্টনের ব্যাটে ইংল্যান্ডের রক্ষা

ইডেনে স্কটিশদের চোখরাঙানি, ব্যান্টনের ব্যাটে ইংল্যান্ডের রক্ষা

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে যাদের ভাবা হচ্ছিলো শিরোপার প্রধান দাবিদার, সেই ইংল্যান্ডকেই এখন সুপার এইটে ওঠার জন্য লড়তে হচ্ছে প্রতিটি ম্যাচে। নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয় আর ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর আজ স্কটল্যান্ডের বিপক্ষে জয়ই ছিল ইংলিশদের একমাত্র লক্ষ্য। শেষ পর্যন্ত টম ব্যান্টনের ব্যাটিং দৃঢ়তায় ১০ বল হাতে রেখে ৫ উইকেটের ‘প্রত্যাশিত’ জয় পেয়েছে হ্যারি ব্রুকের দল। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের দৌড়ে টিকে রইল তারা। ইতালির বিপক্ষে জয় পেলেই সুপার এইটের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের।
১৫৩ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম বিপাকে পড়েছিল ইংল্যান্ড। দলীয় মাত্র ১৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন দুই ওপেনার ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার। শুরুর সেই ধাক্কা সামাল দেন জ্যাকব বেথেল ও টম ব্যান্টন। তৃতীয় উইকেটে এই দুজনের ৬৬ রানের জুটি ইংল্যান্ডকে জয়ের ভিত গড়ে দেয়। বেথেল ২৮ বলে ৩২ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন ব্যান্টন। ৩৩ বলে ফিফটি ছোঁয়ার পর শেষ পর্যন্ত ৪১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৩ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। মাঝে স্যাম কারান ২০ বলে ২৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় স্কটল্যান্ড। দলের পক্ষে অধিনায়ক রিচি বেরিংটন ছিলেন বিধ্বংসী মেজাজে। ইংলিশ বোলারদের ওপর তান্ডব চালিয়ে মাত্র ৩২ বলে ৪৯ রান করেন তিনি। তবে ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে আউট হয়ে সাজঘরে ফেরেন এই স্কটিশ দলপতি। এছাড়া মাইকেল জোনস করেন ২০ বলে ৩৩ রান। শেষ দিকে ওলিভার ডেভিডসনের ২০ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় স্কটল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল ছিলেন লেগ-স্পিনার আদিল রশিদ। ৩৬ রান খরচায় তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া লিয়াম ডসন ও জফরা আর্চার নেন ২টি করে উইকেট। এদিন বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আর্চার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন