ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১০ টাকা না দেয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজা মো. তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আয়েশা এই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তার তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তৌহিদ নিহত আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পেতো। বিকালে তৌহিদ ধারের ১০ টাকা ফেরত চায় আশিকের কাছে। তখন সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এই নিয়ে দুইজন কথা কাটাকাটিতে জড়ায়। পরে একপর্যায়ে দু’জন মারামারিতে জড়ায়। এ সময় আশিকের মা এগিয়ে এলে তৌহিদ ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। ফুলবাড়ীয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ফুলবাড়ীয়ায় ১০ টাকার জন্য চাচিকে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
