পুলিশে নিয়োগ হবে ঘুষ তদবির ছাড়া দালালের ফাঁদে না পড়ার আহ্বান ডিআইজি’র

ফন্ট সাইজ:

পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালাল চক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. রেজাউল হক। তিনি বলেছেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।” বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়োগকে কেন্দ্র করে দালালদের তৎপরতা রোধে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, কেউ অর্থের বিনিময়ে চাকরি নেয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, “যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে। তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই, মেধাই হবে একমাত্র বিবেচ্য।” এবারের নিয়োগে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে তিনি জানান, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডিআইজি বলেন, “সাধারণ মানুষকে সচেতন করুন, পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।” প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন