সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ মো. আফজাল হোসেন (৪৭) নামে এক চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মো. ওয়াহিদুর রহমানের ছেলে। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, একটি বিদেশি ওয়ান শুটারগান এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়াও ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে- একটি স্টিলের তৈরি ধারালো ছোরা, একটি লোহার তৈরি ছোরা এবং একটি চাইনিজ কুড়াল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল হোসেন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন