পহেলা বৈশাখের উৎসবে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বকুল তলার মুক্ত মঞ্চ মাতিয়ে তুলেছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। এবারের পহেলা বৈশাখে যা মানিকগঞ্জ জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা তাদের কারিশমায় ফুটিয়ে তুলেছেন চিরায়িত গ্রাম বাংলার ঐতিহ্য। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বকুলতলাকে সাজানো হয়েছিল গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে। এ ছাড়া বৈশাখে ভিন্ন সাজে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আকর্ষণীয় ছিল চাঁপাইনবাবগঞ্জের লোক-ঐতিহ্য গম্ভীরা, গ্রামীণ বিয়ের নৃত্যগীত ও মনোমুগ্ধকর ফ্যাশন শো। এই ফ্যাশন শো-তে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মজীবন তুলে ধরা হয়েছে। লোক-ঐতিহ্য গম্ভীরায় নানা-নাতির চরিত্রে কথায় আর গানে পুরো অর্ডিয়্যান্স মাতিয়ে তুলেন প্রতিষ্ঠানটির দুইজন শিক্ষক। দিনভর শিক্ষার্থীদের একক ও দলীয় নৃত্য, বৈশাখী কোরাস গান, কবিতা আবৃত্তি মাতিয়ে তুলে পহেলা বৈশাখের অনুষ্ঠান। এর আগে সকালে নতুন দিনের শুভ বার্তাকে স্বাগত জানাতে অনুষ্ঠিত হয় বৈশাখী শোভাযাত্রা। প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষক বর্ণিল সাজে জেলা শহরে শোভাযাত্রায় অংশ নেন। সেখানে তারা বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতিকে তুলে ধরেন। এদিকে বৈশাখকে আরও প্রাণবন্ত করে তুলতে বকুলতলার চারপাশে ১০টি স্টলে হরেক রকম পিঠে পায়েশ আর পান্তা ভাতের সঙ্গে হরেক রকমের ভর্তা, ভাজি, আমডালসহ চমৎকার বাঙালি ভোজনের মুখরোচক খাবার শোভা পায়। পহেলা বৈশাখের অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রাণবন্তভাবে তুলে ধরার প্রধান ভূমিকায় ছিলেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (অব.) ও চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বকুল তলায় মনোমুগ্ধকর পহেলা বৈশাখ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
