মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৩০ বছর পর জয় পেয়েছে বিএনপি। দলের মনোনীত প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকুর হাত ধরে আসনটি পুনরুদ্ধার হয়েছে। তিনি ১৪ হাজার ৯২৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে গত ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে এম এম শাহীন এমপি নির্বাচিত হন। এরপর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনসহ পরবর্তী ছয়টি সংসদ নির্বাচনে প্রায় ৩০ বছরের মধ্যে দুইবার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টি, দুইবার স্বতন্ত্র ও একবার গণফোরামের এমপি নির্বাচিত হলেও বিএনপি’র দলীয় কেউ এমপি নির্বাচিত হতে পারেননি। তবে ওই সময়ের মধ্যে অনুষ্ঠিত ২০১৪ সালের দশম ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। আর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলবদল করে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গণফোরামে যোগ দেন এবং যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে এমপি হয়েছিলেন। জানা যায়, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী শওকতুল পান ৬৮ হাজার ৩৮১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৮৮৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান ফুটবল প্রতীক নিয়ে পান ১৩ হাজার ৭৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে পান ২ হাজার ১৪১ ভোট, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীকে ৫৯১ ভোট পান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস হাতপাখা প্রতীকে ৫২০ ভোট পান এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট। এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভা মিলে ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০ ভোট। পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট ভোটকেন্দ্রের সংখ্যা হলো ১০৪। মোট প্রদত্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ৮১৯। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২১৮। বাতিল ভোট ৪ হাজার ৬০১। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬.০৪ শতাংশ। এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮৩ হাজার ৯৩০ এবং ‘না’ ভোট পড়েছে ৬৭ হাজার ৯৩৫। মোট প্রদত্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ২০৭। বৈধ ভোট ১ লাখ ৫১ হাজার ৮৬৫। বাতিল ভোট ১৭ হাজার ৩৪২। এক প্রতিক্রিয়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি’র নবনির্বাচিত এমপি আলহাজ শওকতুল ইসলাম শকু বলেন, এ বিজয় সমগ্র কুলাউড়া উপজেলাবাসীর। নির্বাচনে কার ভোট পেলাম, কার পেলাম না সেটা বড় বিষয় নয়। কুলাউড়ার সকল শ্রেণি-পেশার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, কুলাউড়ার সবক’টি চা-বাগানের শ্রমিকসহ সকল ভোটারদের প্রতি চিরকৃতজ্ঞ। এবারের নির্বাচনে চা শ্রমিক ভাইবোনেরা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন। দল-মত নির্বিশেষে কুলাউড়ার এমপি হয়ে জনগণের জন্য কাজ করে যেতে চাই।
মৌলভীবাজার-২
শওকতুলের হাত ধরে ৩০ বছর পর বিএনপি’র আসন পুনরুদ্ধার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
