স্বচ্ছতা-সততার মেলবন্ধনে দায়িত্ব পালন করতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

ফন্ট সাইজ:

স্বচ্ছতা ও সততার মেলবন্ধনেই একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সমাজ গড়ে ওঠে। বর্তমান সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতার বিষয়টি সচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর এই কাজটি করতে পারলে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। সোমবার যশোরের চৌগাছায় এক সংবর্ধনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেনÑ আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক আসেক হাসান, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সেক্রেটারি মাহাবুবুর রহমান মিলন, খুলনা বিভাগীয় তথ্য কর্মকর্তা এ এস এম কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জালাল উদ্দীন, উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী গণ্যমান্যরা। বিশেষ অতিথির বক্তৃতায় ডা. ফরিদ বলেন, যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি আমি সকলের এমপি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, আমি এবং আমার দল দুর্নীতি করবো না। কেউ দুর্নীতি করলে তাকেও ছাড় দেয়া হবে না। আলোচনা শেষে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন