শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকারের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ্য করা হবে না। নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে হবে। অন্যথা হলে কেন্দ্র সচিবসহ দায়িত্বহীন শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। ক্লাসে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কোচিং নির্ভরতা কমাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। শিক্ষকতা শুধু রুটিং মাফিক চাকরি নয়, এটা একটা মানবিক দায়িত্ববোধের পেশা। সোমবার দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে যশোর শিক্ষা বোর্ড ও খুলনা বিভাগের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। সভায় আরও বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক। বিকালে শিক্ষামন্ত্রী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এক মুরগি তিনবার জবাই করা চলবে না: শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
