নিরাপত্তা শঙ্কায় বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন, উদ্বিগ্ন পরিবার

নিরাপত্তা শঙ্কায় বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন, উদ্বিগ্ন পরিবার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেদম পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। গত শনিবার দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে স্থানীয় একটি মহল দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামের ‘পীর’ শামীম রেজাকে তার দরবার বা আস্তানার দোতলার নিজ কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ ওই মহলটি শামীমের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাটের তাণ্ডবলীলা চালায়। এ ঘটনার সূত্র ধরে নিরাপত্তা শঙ্কায় দেশবরেণ্য বাউল শিল্পী শফি মণ্ডলের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে উদ্বিগ্ন রয়েছেন তার পরিবারের সদস্যরা। বাউল শিল্পী শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেনÑ আমি গত এক মাস যাবৎ গ্রামের বাড়িতে নেই। সেখানে ঠিক কী ঘটছে তা বিস্তারিত বলতে পারছি না। আমার মেয়ে ওখানে আছে সে বলতে পারবে। শিল্পী শফি মণ্ডলের বড় মেয়ে কলেজ শিক্ষক ফারজানা ববি লিনার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেনÑ আমার বাবা একজন সাধক মানুষ ও বাউল শিল্পী। সংগীতের প্রয়োজনে তিনি বিভিন্ন দরবারে যান। ফিলিপনগরে আমাদের বাড়ি হওয়ায় তিনি ওই দরবার শরীফেও গিয়েছিলেন। সেই সময়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে একটি পক্ষ মব তৈরি করেছে। আমার বাবা লালন দর্শনের অনুসারী হিসেবে সারাবিশ্বে লালন সাঁইজির বাণীর প্রতিনিধিত্ব করেন। মবের সঙ্গে জড়িতরাই মূলত এই ছবিগুলো ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি আরও বলেনÑ আমাদের জীবন আচরণ অবশ্যই ইসলামিক, তবে আমরা সাঁইজির দর্শন লালন করি। বাবা একজন দেশবরেণ্য শিল্পী বলেই সরকার নিরাপত্তার প্রয়োজন মনে করে পুলিশ মোতায়েন করেছে। তবে নিরাপত্তার বেষ্টনী সহজ মানুষ হিসেবে আমাদের উদ্বিগ্ন করে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তার বাড়িতে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি করেছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন