আজিমপুরে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের দাফন

ফন্ট সাইজ:

দু’দফা জানাজা শেষে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের মরদেহ রাজধানীর আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে ৫টায় আজিমপুর গোরস্থানে সহধর্মিণী মাহফুজা খানমের পাশে তাকে দাফন করা হয়। এদিন, বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে, দুপুর ২টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ব্যারিস্টার শফিক আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ব্যারিস্টার শফিক আহমেদের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হক, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক। সংক্ষিপ্ত বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একজন মানুষের যতগুলো গুণ থাকা দরকার, সবগুলো গুণেই গুণান্বিত ছিলেন শফিক আহমেদ।

জানাজায় আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক ও বর্তমান বিচারপতি, বিপুলসংখ্যক আইনজীবীসহ তার পরিবার ও শুভাকাক্সক্ষীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শফিক আহমেদ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন