সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ১৯, ২২, ৩২, ৩৩, ৩৫, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে সড়ক ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সিসিক প্রশাসক সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং কার্যাদেশের শর্ত অনুযায়ী কাজের মান ও অগ্রগতি তদারকি করেন। সাংবাদিকদের তিনি বলেন, সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি পাওয়ায় কাজের পরিধিও বেড়েছে, তবে আয় তেমন বাড়েনি। বর্ধিত ওয়ার্ডগুলো থেকে এখনো কর আদায় শুরু না হলেও সেখানে উন্নয়ন কার্যক্রম চালু করা হয়েছে। তিনি আরও বলেন, নাগরিকদের নগর সুবিধা নিশ্চিত করতে সড়ক নির্মাণ ও পাকাকরণ, সড়ক প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ এবং সড়কবাতি স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যত্রতত্র ময়লা ফেলার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একদিকে উন্নয়ন কাজ চলছে, অন্যদিকে অসচেতনভাবে ময়লা ফেলে নগরকে নোংরা করা হচ্ছে। সিটি করপোরেশনের কর্মীরা দিনরাত পরিশ্রম করেও নগর পরিচ্ছন্ন রাখতে হিমশিম খাচ্ছেন। তিনি নগরবাসীর প্রতি নির্ধারিত স্থানে ময়লা ফেলা, গৃহকর যথাসময়ে পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি ১৯ নম্বর ওয়ার্ডের মিরাবাজার খারপাড়া মিতালী আবাসিক এলাকা, ৩২ নম্বর ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুর, ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ ২ নম্বর সড়ক, ৩৩ নম্বর ওয়ার্ডের শাহপরান আবাসিক এলাকা এবং ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের তৈয়ব কামাল, সুলতানপুর ও শ্রীরামপুর এলাকায় চলমান সড়ক, ড্রেন ও সড়কবাতির কাজ পরিদর্শন করেন। এ ছাড়া, ২২ নম্বর ওয়ার্ডের উপশহরের ডি ব্লকের ২৬ নম্বর সড়ক ও ড্রেন উন্নয়ন কাজও তিনি ঘুরে দেখেন। এ সময় সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সুমন শিকদার, সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, লিপু সিংহ ও সুমন চন্দ্র দে, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, ঠিকাদার ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সিলেট সিটি প্রশাসক
আয় না বাড়লেও সিসিকের উন্নয়ন কাজ থেমে নেই
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
