গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নিহত ১

ফন্ট সাইজ:

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় অমিতাভ চন্দ্র সুজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খামার বল্লমঝার এলাকায় নিজ বাসার সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুজন ওই এলাকার মৃত নিরঞ্জন চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন মুহুরী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন সুজন। বাড়ির গেটের কাছে পৌঁছামাত্রই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন​, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই হত্যাকাণ্ডের কারণ বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন