নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় যৌথ অভিযানে অবৈধ মজুত ও সয়াবিন তেল প্যাকেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ টিসিবি’র আটা উদ্ধার, অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। গত রোববার রাতে এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিজিবি যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৬২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল প্যাকেজিং ও বাজারজাত করার অপরাধে মেসার্স বি.কে ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী গৌতম চন্দ্র সাহাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিকে, নিতাইগঞ্জের ৮১ বংশাল রোড এলাকায় অবস্থিত এস.ডি. ফ্লাওয়ার মিলস ও গাউসুল আজম ফুড অ্যান্ড এলাইট মিলসে পৃথক অভিযানে অবৈধভাবে মজুত করা টিসিবি’র ৬৫০ বস্তা আটা উদ্ধার করা হয়, যার পরিমাণ ৩২ টন ৫০০ কেজি। খাদ্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, বিতরণ ও বিপণন আইনে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের ম্যানেজার ও জেনারেল ম্যানেজারকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
