পিরোজপুরের নাজিরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অগোছালো পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। গত রোববার ছুটির দিনেও সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের ক্লাসরুম সংলগ্ন গড়ে উঠেছে গরুর গোয়ালঘর। সরজমিন ভাঙা টিনের বেড়ার ফাঁক দিয়ে দেখা যায়, ক্লাসরুমে পড়ে আছে নির্মাণসামগ্রী। একটি কক্ষে এলোমেলোভাবে রাখা রয়েছে ৩-৪টি বেঞ্চ। লাইব্রেরির তুলনায় পাশের গোয়ালঘরটিই বেশি পরিচ্ছন্ন এমন দৃশ্যই চোখে পড়ে সেখানে। এসব দেখে বোঝার উপায় নেই যে, বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান কার্যক্রম চলে। এ চিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের ১৮২নং দক্ষিণ দীর্ঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, গত রোববার বৈসাবি উৎসব উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ছিল। ছুটির তালিকা অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকলেও নিয়ম ভঙ্গ করে ওই বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে বিদ্যালয়টির শিক্ষার মান নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। জানা গেছেÑ বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা মাত্র পাঁচজন। এত অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে গরুর খামার। শ্রেণিকক্ষের আশপাশে গবাদিপশু রাখার কারণে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে এমন অগোছালো অবস্থা চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কেউ। বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী অর্পণ ঘরামী জানায়, তাদের শ্রেণিতে মাত্র দুইজন শিক্ষার্থী রয়েছে এবং প্রথম শ্রেণিতে একজন। অন্য শ্রেণিগুলোতে কোনো শিক্ষার্থী নেই। এ ছাড়া কখনো কখনো শিক্ষকরা সকাল ১০টায় এসে দুপুর দেড়টার মধ্যে চলে যান। এ বিষয়ে প্রধান শিক্ষক বনানীর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়টির ক্লাস্টারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম হাসান জানান, ছুটির দিনে পতাকা উত্তোলনের বিষয়ে তাদের কাছে লিখিত জবাব চাওয়া হবে। তিনি বলেন, আমি বিষয়টি সরজমিন তদন্ত করবো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেনÑ ছুটির দিনে জাতীয় পতাকা উত্তোলন করে বিদ্যালয় তালাবদ্ধ রাখা জাতীয় পতাকার অবমাননা করা। পাশাপাশি বিদ্যালয়ের পাশে গড়ে ওঠা গরুর খামার, শিক্ষার্থী সংকটসহ সার্বিক বিষয় তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
ছুটির দিনেও উত্তোলন করা হলো পতাকা, স্কুলঘেঁষে গরুর ঘর
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
