খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতীদল ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সোনামিয়া নিহত হয়েছেন। শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, খালিশপুর নয়াবাটি এলাকায় তার একটি ভ্যারাইটিস স্টোর ছিল। প্রতিদিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যেতেন। শনিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের বাহুতে দু’টি আঘাত করে। ওই আঘাতে তার মৃত্যু হয়েছে। খালিশপুর থানার এসআই পলাশ কুমার রায় বলেন, রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটলেও আমাদের সাড়ে ১২টার পর জানানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। সোনামিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে প্রেরণ করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, তিনি ১০ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সভাপতি ছিলেন। কেএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর সুদর্শন কুমার রায় বলেন, সোনামিয়া গত রাতে দোকানে বসা ছিলেন। একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার ডান হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে পরপর দু’টি আঘাত করে। এরপর দোকান ছেড়ে দৌড় দিয়ে পার্শ্ববর্তী একটি কোম্পানির গোডাউনে গিয়ে আশ্রয় নেয়। সেখানে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

লিমা
২ মাস আগেআওয়ামী নাই তাহলে আবারও হত্যা করছে কারা?