কক্সবাজারের উখিয়ায় ৬ বছরের এক শিশুকে আটক করে থানায় নেয়ার ঘটনায় সমালোচনার ঝড় বইছে। স্থানীয়দের অভিযোগ, অভিযানে মূল আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে পুলিশ তার পরিবারের সদস্যদের, এমনকি একটি অবুঝ শিশুকেও আটক করেছে- যা দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের পরিপন্থি।
গত রোববার ভোরে অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে পুলিশ তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ৬ বছরের শিশুসহ পরিবারের কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয় সচেতন মহল বলছে, বাংলাদেশের আইন অনুযায়ী ৯ বছরের নিচে কোনো শিশুকে অপরাধী হিসেবে গণ্য করা যায় না। সেখানে একটি শিশুকে আটকের ঘটনা শুধু আইনের লঙ্ঘনই নয়, বরং মানবাধিকারের পরিপন্থি। একইসঙ্গে একজন আসামিকে না পেয়ে তার স্ত্রী বা পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
তারা আরও বলেন, অপরাধী ধরতে গিয়ে নিরীহ শিশু ও পরিবারের সদস্যদের হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিষয়টি নিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সচেতন মহল জানতে চেয়েছে, কোন প্রক্রিয়ায় একটি শিশুকে আটক করা হলো এবং এ ধরনের সিদ্ধান্তের পেছনে কার নির্দেশনা ছিল। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
