নিকাহ রেজিস্ট্রার নিয়োগে ফের সক্রিয় সিন্ডিকেট

ফন্ট সাইজ:

নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের তৎপরতা আবারো সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কাজীসহ সংশ্লিষ্ট সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্প্রতি আইন মন্ত্রণালয়ে দাখিল করা লিখিত অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালে নিকাহ রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে রাজধানীতে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, তৎকালীন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের প্রভাব খাটিয়ে একটি গ্রুপ ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা উপেক্ষা করে ২০শে অক্টোবর ২০১৩ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করাতে সক্ষম হয়।
এরপর ওই প্রজ্ঞাপনের ভিত্তিতে বেশ কিছু নিকাহ রেজিস্ট্রার অস্থায়ী নিয়োগ দিয়ে প্রচুর অর্থ হাতিয়ে নেয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ওই অস্থায়ী নিয়োগকে কেন্দ্র করে তৎকালীন সিনিয়র সহকারী সচিব হেমায়েত উদ্দিনের স্বাক্ষর জাল করে শত শত ভুয়া নিয়োগপত্র তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এ বিষয়ে উচ্চ আদালতে একাধিক মামলা হয়।
এ সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। উচ্চ আদালতের ওই সব অভিযোগের নিষ্পত্তি না হতেই পুরনো সেই চক্রটি আবারো সক্রিয় হয়ে উঠেছে। তারা আগের মতো অস্থায়ী ভিত্তিতে কাজী নিয়োগ দেয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, ২০০৯ সালের বিধিমালা অনুযায়ী স্বচ্ছ প্যানেলের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন