বান্দরবানের সাঙ্গু নদীতে মোমবাতি প্রজ্বলন ও ফুল নিবেদনের মধ্যে চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব বিজু ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু শুরু হয়েছে। রোববার সকালে সাঙ্গু নদীর তীরে এ আয়োজনে অংশ নেন চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ। ভোর থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে দলবেঁধে ফুল হাতে নিয়ে সাঙ্গু নদীর তীরে জড়ো হন। পরে মোমবাতি প্রজ্বলন ও ফুল অর্পণ করেন ‘জলবুদ্ধ’ ও ‘মা’ গঙ্গাদেবীর উদ্দেশ্য। এ সময় অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং আগামী বছর পরিবারসহ সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তারা। অর্নি চাকমা বলেন, অতীতের সকল দুঃখ, গ্লানি মুছে গিয়ে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। লজ্জাবতী তঞ্চঙ্গ্যা বলেন, অতীতের দুঃখ, কষ্ট, গ্লানি সব যেন ধুয়েমুছে যায়, সকল দুঃখগুলো যেন নদীর স্রোতের সঙ্গে বিলীন হয়ে গিয়ে সামনের দিনগুলো যেন সুখ, শান্তি, উন্নতি হয়ে সকলের কল্যাণ কামনা করে জলবুদ্ধকে ফুল দিয়ে পূজা করে বিষু উৎসব শুরু করা হয়। চাকমাদের কাছে ‘বিজু’, মারমা ও চাকমা সম্প্রদায়ের কাছে ‘সাংগ্রাইং’, ত্রিপুরাদের কাছে ‘বৈসু’, তঞ্চঙ্গ্যাদের কাছে ‘বিষু’, ম্রোদের কাছে ‘চাংক্রান’, খেয়াংদের কাছে ‘সাংলান’, সাঁওতালদের কাছে ‘বাহা উৎসব’ এবং অহমীয়দের কাছে ‘বিহু’ নামে পরিচিত হলেও উৎসবের আনন্দ সবার জন্য এক ও অভিন্ন। উৎসবকে ঘিরে ইতিমধ্যে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি তথা তিন পার্বত্য জেলার শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে আনন্দ ও উৎসবের আমেজ।
চলছে ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানা পিঠা তৈরির প্রস্তুতি। চাকমা সম্প্রদায়ের মতে, ১২ই এপ্রিল ফুল বিজু, ১৩ই এপ্রিল মূল বিজু, ১৪ই এপ্রিল গজ্জ্যাপজ্জ্যা নামে পরিচিত। এ সময় ঘরে ঘরে নানা পিঠা ও খাবারের আয়োজন করা হয়। বিশেষ করে পাজন তরকারি যা প্রায় ৩০ থেকে ৩৫ ধরনের সবজি দিয়ে তৈরি অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কমপক্ষে সাতটি ঘরে এ তরকারি খেলে রোগব্যাধি কমে বা ভালো হয়। এ উৎসবে কাউকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণের রেওয়াজ নেই। বরং আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীরা বিনা নিমন্ত্রণে একে-অন্যের বাড়িতে গিয়ে আপ্যায়নে অংশ নেন।
বর্ণাঢ্য আয়োজনে শুরু বিজু উৎসব
বান্দরবান প্রতিনিধি
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
