পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি- টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন গত ৯ই এপ্রিল কোম্পানি ম্যাটার নং ৩১৮/২০২৬-এ এই বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগত নির্দেশনা প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে ১১ই এপ্রিল অনুষ্ঠিত ওয়ালটন হাই-টেকের পরিচালনা পর্ষদের ৫০তম সভায় একীভূতকরণ সংক্রান্ত পরবর্তী সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। শনিবার কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের লক্ষ্যে আগামী ৪ঠা মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১শে মে বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে বিশেষ সাধারণ সভা বা ইজিএম। একই সঙ্গে ক্রেডিটরদের সম্মতির বিষয়টিও প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনায় থাকবে। তবে প্রস্তাবিত এই একীভূতকরণ কার্যকর হবে শেয়ারহোল্ডার ও ক্রেডিটরদের অনুমোদন, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সম্মতি এবং হাইকোর্ট ডিভিশনের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে। উল্লেখ্য, এই একীভূতকরণের ভিত্তি তৈরি হয় গত ৩রা সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, যখন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি. ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই দিনে ওয়ালটন হাই-টেকের ৪৬তম পরিচালনা পর্ষদ সভায় একীভূতকরণ-সংক্রান্ত এমওইউ অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই একীভূতকরণ বাস্তবায়িত হলে ওয়ালটন হাই-টেকের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালী হবে। বর্তমানে ওয়ালটন ডিজি-টেক ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, মোবাইলফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি), ইলেকট্রিক বাইকসহ ১২৩ ধরনের হাই- টেক পণ্য ও এক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করছে।
একীভূতকরণ হচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক, ২১শে মে ইজিএম
অর্থনৈতিক রিপোর্টার
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
