ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা-ছেলের দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ, গুলি, দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ছেলের গুলিতে বাবা খোকা মিয়া গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছেন। খোকা মিয়া উপজেলার জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকার আব্দুল মিয়ার ছেলে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার জামিরদিয়া নারিশের গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বাবা ও ছেলের মাঝে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক ছিলেন। ছেলে রানা মিয়া ছিলেন স্বতন্ত্রপ্রার্থী মো. মোর্শেদ আলমের সমর্থক। এ নিয়ে বাবা ছেলের মাঝে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর আড়াইটার নির্বাচনের পর থেকে বন্ধ থাকা নারিশের মোড়ের রাজনৈতিক কার্যালয় খুলে বসেন ছেলে রানা মিয়া। বিষয়টি বাবা দেখতে পেয়ে কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিয়ে বাবা ছেলের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছেলে রানা মিয়া বাবাকে লক্ষ্য করে গুলি করেন ও তার সঙ্গীরা খোকা মিয়ার সঙ্গে আসা লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় গুলিবিদ্ধ খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, নির্বাচনী দ্বন্দ্বে আহত অবস্থায় খোকা নিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়েছে। খোকা মিয়ার শরীরে কোপ ও গুলির চিহ্ন রয়েছে। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, বাবা ছেলের সংঘর্ষের ঘটনায় দু’জন আহত হয়েছে। তাদের মাঝে খোকা মিয়া অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নির্বাচন নিয়ে দ্বন্দ্ব, ছেলের পিস্তলের গুলিতে আহত বাবা
ময়মনসিংহ প্রতিনিধি
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
