ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত

ফন্ট সাইজ:

বরিশাল-খুলনা মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বাইকচালক সোহেল। রোববার দুপুর ২টার দিকে বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাদের আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সাগরের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহেল আশঙ্কাজনক অবস্থার চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম জানান, মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় হুমায়ুন কবির সাগর নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাইকচালক সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন