মহম্মদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির মৃত্যু

ফন্ট সাইজ:

মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আকুব্বর মোল্যা (৩৫) নামে আটককৃত এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ঘুমন্ত অবস্থায় তাকে তুলে হ্যান্ডকাফ পরিয়ে পিটিয়ে হত্যা করেছে। তবে অভিযানকারী দলের দাবি, আটকের পর ধস্তাধস্তির সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সূত্র বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মহম্মদপুরের চরপাড়া গ্রামের মাজেদ মোল্যার ছেলে আকুব্বর মোল্যার বাড়িতে হানা দেয়। অভিযানকারীরা আকুব্বরকে তার ঘর থেকে আটক করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের স্বজনদের দাবি, কোনো সুযোগ না দিয়েই আকুব্বরকে শারীরিক নির্যাতন করা হয়। অন্যদিকে ডিএনসি কর্মকর্তাদের দাবি, আটকের পর আকুব্বর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকুব্বরের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়া নিহতের স্ত্রী জোসনা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী ঘরে ঘুমিয়ে ছিল। বেলা ১১টার দিকে কিছু লোকজন এসে তাকে টেনে-হিঁচড়ে বিছানা থেকে তোলে। কোনো কথা ছাড়াই তাকে হ্যান্ডকাফ পরানো এবং মারধর করা হয়। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে।

এদিকে এ মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। বিক্ষুব্ধ জনতা অভিযানকারী দলকে ধাওয়া দেয়। এ সময় এলাকাবাসীর তোপের মুখে পড়েন ডিএনসি সদস্যরা এবং টিমের সদস্য মিথুন ব্যাপারী আহত হন। সংবাদ পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান মানবজমিনকে বলেন, ‘আকুব্বর মোল্যার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে। তবে অভিযানের সময় আসলে কী ঘটেছিল এবং মৃত্যুর সঠিক কারণ কী, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন