কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়ীদের মানববন্ধন

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের কমলনগরে একাধিকবার চুরির ঘটনায় ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। রোববার সকালে উপজেলার চরলরেন্স বাজারের সাধারণ ব্যবসায়ীরা এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বাজারের সকল ব্যবসায়ীরা ২ ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন- কমলনগর প্রেস ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কাজী মোহাম্মদ ইউনুস, সাংবাদিক আমজাদ হোসেন আমু, ব্যবসায়ী কামাল হোসেন, মিলন লস্কর, মো. ইউসুফ, সিয়াম ও মহিন প্রমুখ।
জানা যায়, কমলনগরে চুরির ঘটনা অহরহ ঘটছে। গত রমজান মাসের শেষদিকে একটি গার্মেন্টসের দোকান চুরি হয়। সেই ঘটনার মামলা হলে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। গত বৃহস্পতিবার রাতে আবারো দু’টি দোকানে চুরি হয়েছে। এতে বারবার চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, চরলরেন্স বাজার পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে চার বছর আগে। নতুন কোনো কমিটি না থাকায় বাজারে বাড়ছে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। এ ছাড়াও ব্যবসায়ীরা আরও জানান, বাজারে প্রায় ৮০০ দোকানঘর ও ব্যবসায়ী রয়েছে। অথচ বাজার পাহারাদার মাত্র দু’জন। এ দুইজন পাহারাদার দিয়ে গোটা বাজার পাহারায় আনা সম্ভব নয়। তাই দ্রুত বাজার পরিচালনা কমিটির নির্বাচন চান ব্যবসায়ীরা। মানববন্ধন চলাকালে কমলনগর থানার এসআই সাফায়েত হোসেন ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, বাজার চুরির বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, ওসিসহ আমরা দ্রুত ব্যবসায়ীদের সঙ্গে বসে আইনি পদক্ষেপ নেবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন