ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৯টা থেকে রোববার বেলা সাড়ে ১০টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আরও ৩১ শিশু ভর্তি হয়েছে। গতকাল সকাল পর্যন্ত হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিল ৭৮ শিশু। মারা যাওয়া শিশুরা হলো ময়মনসিংহ জেলার গৌরীপুর বুলবুল হোসেনের ১০ মাস বয়সী ছেলে সাদেকুল ও ফুলপুর উপজেলার হুমায়ুন মিয়ার ছেলে ৯ মাস বয়সী ছেলে সোহান।
গত ২২শে মার্চ হামের লক্ষণ নিয়ে সোহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে সাদেকুলকে গত ১১ই এপ্রিল ভর্তি করা হয়। পরে গতকাল রাত ১২টার দিকে সে মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ই মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪০২ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ জন এবং মৃত্যু হয়েছে ১২ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ২৮ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড আছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ নতুন করে ৩১ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
