সাঘাটায় পাউবো’র ব্লক দিয়ে অবৈধ দেয়াল নির্মাণের অভিযোগ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন রোধে ব্যবহৃত সরকারি ব্লক দিয়ে রাস্তার উপর অবৈধভাবে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সাঘাটা উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চিনিরপটল গ্রামে। স্থানীয়রা জানান, নদীভাঙন রোধে ব্যবহৃত সরকারি ব্লক অবৈধভাবে ব্যবহার করে রাস্তার উপর স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে এলাকায় চলাচল ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, চিনিরপটল গ্রামের ছামিতন (৭০) ও তার স্বামী আব্দুল করিম (৭৩) সরকারি ব্লক ব্যবহার করে দেয়াল নির্মাণের সঙ্গে জড়িত। এ ছাড়াও একই গ্রামের মৃত তছলিম বেপারীর ছেলে আব্দুল মোমিন (৪৫) ও মো. মোফিজুল (৪০)-এর বিরুদ্ধেও এ অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি প্রকল্পের ব্লক সরিয়ে এনে ব্যক্তিগত কাজে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রকৌশলী শরিফুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন