রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে বসে মঞ্চ নাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন তারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে উনার সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছিলেন। উনারা নাটক দেখেছেন। এর আগে ৩রা এপ্রিল কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ধানমণ্ডির জিগাতলায় সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমা দেখেন তারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন, তখন পুরো মিলনায়তনের দর্শকরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান। তিনি বলেন, বিনোদনের জন্য নাটক দেখতে নয়, মূলত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতে এসেছিলেন। নাটক শেষে প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
সপরিবারে মঞ্চ নাটক দেখলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
