নির্বাচনে ভয়াবহ অনিয়মের অভিযোগ জামায়াতসহ ১১ দলীয় জোটের

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অভিযোগ করেন তিনি। জামায়াত আমীর বলেন, নির্বাচন সঠিকভাবে হয়ে যাওয়ার পর ভোট গণনার সময় অনিয়ম করা হয়েছে। ফলাফল পাল্টে দেয়া হয়েছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতির অবসান চেয়েছিলাম, কিন্তু তা হয়নি। এর থেকে আমরা প্রতিকার চাই। নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ কামনা করছি। ডা. শফিকুর রহমান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দেয়ার সুযোগ না থাকলেও তাদের ভোট করতে দেয়া হয়েছে। যা আইনের লঙ্ঘন। তিনি আরও বলেন, নির্বাচন শেষে ফলাফল পাল্টে দেয়া হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অনিয়ম হয়েছে। দেশবাসী আমাদের ওপর আস্থা রাখুক, আমরা আপনাদের সঙ্গে থাকবো, অধিকার আদায় করেই ছাড়বো। ডা. শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশে সুস্থধারার রাজনীতির পক্ষে। আমরা চাই পুরনো ধারার রাজনীতি না হোক। আমরা দেশকে ভালোবাসি, ইতিবাচক ধারার রাজনীতি চাই। নির্বাচন মানে হার-জিত থাকবে, সেটা যদি স্বাভাবিকভাবে হয়ে থাকে তাহলে সবাই মেনে নেয়। যদি বৈষম্য হয়ে থাকে তাহলে প্রশ্নের জন্ম দেয়। আমরা আশা করবো জাতির সেন্টিমেন্টের ওপর সম্মান রেখে নির্বাচনে কালোটাকা, অনিয়ম, পেশিশক্তি যাই হয়েছে, হয়েছে। এটার প্রতিকার করতে আমাদের নিয়মতান্ত্রিকভাবে চলতে দিবেন। তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা শুরু হয়েছে। এগুলো বন্ধ করতে হবে, তা না হলে যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হবো। ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, আমরা এসব ঘটনার প্রতিকার চাই। বেশ কিছু জায়গায় ফলাফল হঠাৎ বন্ধ করা হয়েছে, রেজাল্ট শিটে পরিবর্তন করা হয়েছে। ঢাকা-৮ আসনে কেন্দ্র দখল করে যা হয়েছে তা সবাই দেখেছে। যে কারণে নাসীরুদ্দীনের আসনে ভোট গ্রহণ করা হয়েছে ঠিক একই কারণে মামুনুল হকের আসনে ভোট বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশবাসী যারা আমাদেরকে ভোট দিয়েছে, আজকে থেকে আরও শক্তভাবে আমরা আপনাদের সঙ্গে বাংলাদেশের মানুষ একই সংবিধানের অধীনে সবাই সমান অধিকার পাবো। ফ্যাসিবাদ আবার ফিরে আসলে আমরা লড়ে যাবো, এখানে কোনো ছাড় দিবো না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।









কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন