এই বিজয় গণতন্ত্রের- বিএনপি

এই বিজয় গণতন্ত্রের- বিএনপি

ফন্ট সাইজ:

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দলের নিরঙ্কুশ বিজয়কে গণতন্ত্রের বিজয় আখ্যায়িত করেছে বিএনপি। দলটি বলছে, এই বিজয় শুধু বিএনপি’র না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারম্যানের কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন এসব কথা বলেন।


তিনি বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপি’র সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণমানুষের দল, তৃণমূলের দল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন। যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপি’র না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।


মাহদী আমীন বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন। ইনশাআল্লাহ ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা এবং আগামী বিএনপি সরকার জনগণের সে প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাআল্লাহ নিশ্চিত করবেন।


তিনি আরও বলেন, যে সরকারটি হবে, এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক পথযাত্রার পর অনেক গুম, খুন, হামলা-মামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ওপর অনেক শহীদের আত্মত্যাগ ও সংগ্রামের ওপর দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমাদের নেতা ইনশাআল্লাহ শহীদদের মায়েদের যে প্রত্যাশা, সেটি পূরণ করবে। আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যার সমাধান করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন