নড়াইলে মুস্তারী কমপ্লেঙে চুরি

ফন্ট সাইজ:

নড়াইল শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারের মুস্তারী কমপ্লেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র কৌশলে মুস্তারী কমপ্লেঙের নিচতলার ৬টি দোকানের শাটার ফাঁকা করে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
নড়াইল শহরের রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই গোপাল চন্দ্র বিশ্বাস ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটতে পারে। মুস্তারী কমপ্লেঙের ছিট কাপড়ের দোকান আরডি ক্লথ স্টোরের মালিক সঞ্জিত কুমার দাস বলেন, দোকানের শাটার দুমড়ে-মুচড়ে চোর চক্র ভেতরে প্রবেশ করে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে। একইভাবে সম্পূর্ণা নামের ছিট কাপড়ের দোকান মালিক দোবাশীষ কুমার দাস বলেন, একইভাবে তার দোকান হতে ৬ হাজার টাকা নিয়ে গেছে। রূপমহল নামের কসমেটিকের দোকান মালিক কাজী শাহিনুর ইসলাম দোলন বলেন, তার দোকান হতে ৩৩ হাজার টাকা নিয়ে গেছে। নিউ মডার্ন স্যু বাজারের মালিক শরীফ শরাফুদ্দিন সম্রাট বলেন, তার দোকান হতে ৭ হাজার টাকা নিয়ে গেছে। ভাই ভাই ক্লথ স্টোরের মালিক অরূপ বিশ্বাস বলেন, তার দোকান হতে ৮ হাজার টাকা নিয়ে গেছে। অহনা ফ্যাশন’র মালিক গাউছুর আজম লিটন বলেন, তার দোকান হতে নগদ ৪ হাজার টাকা নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, শনিবার সকালে তারা দোকান খুলতে গিয়ে জানতে পারেন তাদের দোকানে চুরি হয়েছে। মার্কেটের নিচতলার একটি কলাপসেবল গেট লোহার রড বা শক্ত কোনো কিছু দিয়ে ফাঁকা করে চোরচক্র মার্কেটের ভেতরে প্রবেশ করেছে। এরপর নির্দিষ্ট দোকানগুলোর শাটার ফাঁকা করে দোকানের ভেতর প্রবেশ করে নগদ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে।
এ ঘটনার পর দোকান মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া বলেন, চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে মার্কেট কর্তৃপক্ষের আরও সতর্কতা অবলম্বন করা উচিত বলে তিনি মন্তব্য করেন। মুস্তারী কমপ্লেঙের মালিক ফয়সাল মুস্তারী বলেন, এ বিষয়ে ভাড়াটিয়া দোকান মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে। নিয়মিত পাহারা জোরদার করা হবে। আর চুরির বিষয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন