নবীগঞ্জে বিজয় মিছিল করেনি বিএনপি, পরাজিত প্রার্থীর অভিনন্দন

নবীগঞ্জে বিজয় মিছিল করেনি বিএনপি, পরাজিত প্রার্থীর অভিনন্দন

ফন্ট সাইজ:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় বিজয় মিছিল হয়নি। শুক্রবার সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মানুষ ধানের শীষ প্রতীকে বিজয়ী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়ি উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালাসাপ গ্রামে ভিড় করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে মতবিনিময় সভায় মিলিত হন। তিনি ঐতিহাসিক বিজয়কে তৃণমূল জনপদের নেতাকর্মী ও ভোটারদের উৎসর্গ করেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, শত প্রতিকূলতা, কালো টাকা ও ষড়যন্ত্রকে পেছনে ফেলে ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবিত থাকলে খুবই খুশি হতেন। ড. রেজা বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ দিয়ে সম্মানিত করেছেন। ভোটাররা তাকে হতাশ করেনি। তিনি আমাদের সিলেটের জামাই, সিলেটবাসী তাকে হতাশ করেনি। নির্বাচন পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, আমি এবং আমার সহধর্মিণী সিমি কিবরিয়া উন্নয়নের পরিকল্পনা নিয়েই এসেছি। প্রতিশ্রুতি দিচ্ছি, এলাকায় উন্নয়নের ইতিহাস তৈরি হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এত বিপুলসংখ্যক প্রবাসী তাদের পরিবার রেখে নিজের টাকা খরচ করে দেশে এসেছেন, এটা এক ইতিহাস। তাদেরকে কৃতজ্ঞতা জানাই। উন্নয়নের মাধ্যমে সেই প্রতিদান দেয়ার চেষ্টা করবো। সকলে মিলেমিশে কাজ করবো। দলের চেয়ারম্যান তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবো। মন্ত্রিত্বের প্রশ্নে তিনি বলেন, আল্লাহ্‌ চাইলে সেটাও হবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সিমি কিবরিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা মিয়া, সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বায়তুল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহেদ তালুকদার, নবীগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিন, যুগ্ম সম্পাদক নুরুল আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওদিকে, বিজয়ী প্রার্থী ডা. রেজা কিবরিয়াকে ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মুফতি সিরাজুল ইসলাম। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বিজয়ী প্রার্থীর নেতৃত্বে সংসদীয় আসনের উন্নয়ন ও সমৃদ্ধির প্রত্যাশা করি। মিরপুরী বলেন, পাঁচজন নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছিলাম। দেশ ও জাতির খেদমতে একজনকে আল্লাহ্‌ কবুল করেছেন। এই বিজয়ে আমরা আনন্দিত। নির্বাচনী ফলাফল যা-ই হোক, দেশের জন্য এবং মানুষের কল্যাণে একে-অপরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ্‌। নির্বাচনে বেসরকারি ফলাফলে ড. রেজা কিবরিয়া মোট ১৭৭টি ভোটকেন্দ্রে পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ৩৪ হাজার ৬৩৭। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৬ হাজার ৪০০, ‘না’ ভোট পড়েছে ৬৮ হাজার ৪০৯।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন