শাহজাদপুরে মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ৩টার দিকে শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, উপজেলার পল্লী অঞ্চল পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে শনিবার দুপুর ২টার দিকে স্থানীয় এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গেলে অজ্ঞাত কিশোরের মরদেহ দেখতে পায়। আশপাশের লোকজনকে জানালে হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করে। তবে লাশটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার অফিসার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত লাশের পরনে পাঞ্জাবি-পায়জামা দেখে মাদ্রাসাছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিকে, হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্ত এবং হত্যার কারণ উদ্‌ঘাটনে চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। সেইসঙ্গে নিহত কিশোরের পরিধানের পোশাক দেখে মাদ্রাসাছাত্র হতে পারে বলেও জানান ওসি। তবে এ ঘটনার পর থেকে গোটা এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন