কুমিল্লার দেবিদ্বারে মসজিদের ইমামকে মারধর ও হেনস্তার ঘটনায় কাইয়ুম হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে তাকে আটকের পর দুপুরে কোর্টহাজতে চালান করা হয়েছে। আটক মো. কাইয়ুম হোসেন (৬০) পৌর এলাকার বড় আলমপুর গ্রামের দক্ষিণপাড়ার হামিদ খলিফার বাড়ির মৃত আব্দুল মান্নানের পুত্র। তিনি প্রবাস ফেরত এবং পেশায় একজন কৃষক। দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের দক্ষিণপাড়া ‘আল মদিনাতুল আকসা’ মসজিদের জমি সংক্রান্ত বিরোধ এবং খুদবায় ইমামের রাজনৈতিক বক্তব্যকে ঘিরে প্রায় দেড় বছর পূর্ব থেকে এ বিরোধ চলে আসছে।
এর আগে গত মঙ্গলবার দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের দক্ষিণপাড়া ‘আল মদিনাতুল আকসা’ মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিনকে মসজিদের কাছে সড়কে পেয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জুতাপেটাসহ মারধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ওই ঘটনায় অভিযুক্ত মো. কাইয়ুম হোসেনকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ‘ইমাম ঐক্য পরিষদের’ পক্ষে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
