এলিট ফোর্স র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেছেন, সারা দেশে চাঁদাবাজদের আইনের আওতায় আনতে ‘আনবায়াসড’ তালিকা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে চাঁদাবাজদের তালিকা প্রস্তুতের নির্দেশনার কথা তুলে ধরে র্যাবের এই কর্মকর্তা বলেন, লিস্ট তৈরির পরে প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। সে লক্ষ্যে র্যাব কাজ করছে। বলেন, আমরা এই তালিকা তৈরি করছি, যেটা একেবারেই আনবায়াসড হবে। যারা তালিকায় থাকবে, আমরা চেষ্টা করবো তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য। র্যাবের ১৫টি ব্যাটালিয়নকেই ডিজি’র পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ শুরু হয়েছে। ছোট থেকে বড় সব স্তর বিবেচনা করে এ তালিকা করা হচ্ছে। শিগগিরই এর প্রতিফলন দেখতে পাওয়া যাবে। গতকাল দুপুরে ঢাকার কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ পদক্ষেপের কথা জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজদের অনেক রূপ বা স্তর রয়েছে। র্যাব সবগুলো স্তর নিয়েই কাজ করছে। রাজনৈতিক চাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে র্যাবের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই। এরপর র্যাব মানবতাবিরোধী কোনো কাজে সংশ্লিষ্ট হয়নি। ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতার পরিচয়ে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে অভিযোগটা গিয়েছে পুলিশের কাছে, তারা এটা নিয়ে যাচাই-বাছাই করছে। বলেন, বরাবরের মতো যখনই এ ধরনের তথ্য আমরা পাই, সঙ্গে সঙ্গে র্যাবের গোয়েন্দা দল এবং সংশ্লিষ্ট আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে দেয়। এক্ষেত্রেও আমাদের যাচাই-বাছাই চলছে, নিশ্চিত হলে দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি কক্সবাজারে মানব পাচারকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার, খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার, চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আসামি সবুজকে গ্রেপ্তার; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ‘কাইল্লা রক্সি’ এবং চট্টগ্রামের পতেঙ্গায় মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তারের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা তৈরি হচ্ছে
স্টাফ রিপোর্টার
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
