আশুলিয়ায় বহুল আলোচিত স্পেকট্র্যাম ট্রাজেডির ২১ বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় নিহতদের স্মৃতি আর বিচারহীনতার বেদনা নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ১১টায় আশুলিয়ার বাইপাইল মোড়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন শ্রমিক নেতা মাসুদ রানা, সুলতানসহ অন্যান্য শ্রমিক নেতারা। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ২০০৫ সালের ১১ই এপ্রিল ভোর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় স্পেকট্রাম সোয়েটার লিমিটেড কারখানার ভবন ধস দেশের পোশাক খাতের ইতিহাসে এক হৃদয়বিদারক ট্রাজেডি। ওই দুর্ঘটনায় ৬৪ জন শ্রমিক প্রাণ হারান, আহত হন শতাধিক। এদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গুত্ববরণ করেছেন।
বক্তারা বলেন, ছয়তলা ভবনের অনুমোদিত ভিত্তির ওপর অবৈধভাবে আরও তিনতলা নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অতিরিক্ত ভারী যন্ত্রপাতির চাপের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ভুক্তভোগী শ্রমিক ও তাদের পরিবার এখনো ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত। মামলার বিচার প্রক্রিয়াও আটকে আছে, এতে শ্রমিকদের হতাশা বাড়ছে। কর্মসূচি থেকে শ্রমিক নেতারা চার দফা দাবি জানিয়ে বলেন, অবিলম্বে স্পকট্রাম ট্রাজেডি মামলার সুষ্ঠু বিচার, ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও তাদের পুনর্বাসন, পোশাক শিল্পকারখানার শ্রমিকদের নিরাপত্তা নীতিমালা বাস্তবায়ন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর ব্যত্যয় হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। এসময় নিহত শ্রমিকদের স্মরণে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
