পানছড়িতে বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার

পানছড়িতে বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক বিশেষ অভিযানে ১৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীদের একটি বড় দল বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা চালালেও তা কৌশলে ব্যর্থ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাহিনীটি। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপি’র একটি টহলদল অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার মো. শাহআলমের নেতৃত্বে টহলদল বিকাল সাড়ে ৪টার দিকে কাঁঠালতলী এলাকার একটি যাত্রী ছাউনির পাশে অবস্থান নেয়। এসময় সড়ক দিয়ে দু’টি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি আসতে দেখা গেলে তাদের থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। কিন্তু বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১,৪০০ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেল দুটিকেও জব্দ করে বিজিবি। উদ্ধারকৃত গোলাবারুদ বিওপিতে নিয়ে ফেরার পথে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আনুমানিক ১০০ থেকে ১১০ জনের একটি সশস্ত্র দল বিজিবি টহলদলকে ঘিরে ফেলার চেষ্টা চালায়। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত টহলদল ঘটনাস্থলে পৌঁছে যায়। ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত বাহিনী উপস্থিত হলে সন্ত্রাসীরা পিছু হটে। বিজিবি’র তাৎক্ষণিক পদক্ষেপ, কৌশলগত দক্ষতা ও সমন্বিত অভিযানের ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী ও চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের মাধ্যমে তাদের কার্যক্রম কঠোরভাবে দমন করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন