অর্থ সংকটে কুবি’র কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয়তলার সম্প্রসারণ কাজ বন্ধ

অর্থ সংকটে কুবি’র কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয়তলার সম্প্রসারণ কাজ বন্ধ

ফন্ট সাইজ:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয়তলার সম্প্রসারণ কাজ অর্থ সংকটের কারণে গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এতে প্রতি সপ্তাহে জুমার নামাজে জায়গা সংকটে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। সরজমিন দেখা যায়, জুমার নামাজের আগে থেকেই মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। মসজিদের মূল ভবনে প্রায় ৫০০ থেকে ৫৫০ জন মুসল্লির ধারণক্ষমতা থাকলেও বাস্তবে উপস্থিতির সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ফলে অনেককে অজুখানা, সিঁড়ি, প্রধান ফটকের সামনে কিংবা মসজিদের বাইরে নামাজ আদায় করতে হয়। জায়গা সংকুলান না হওয়ায় কেউ কেউ নামাজ না পড়ে ফিরে যাওয়ার ঘটনাও ঘটছে। প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, মসজিদের দ্বিতীয়তলার সম্প্রসারণ কাজ ২০২৫ সালের জুন মাসে শুরু হলেও একই বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি বাজেট সংকটের কারণে তা বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ?আবরার হাসান বলেন- বর্তমান প্রশাসন মসজিদের বেশ কিছু সংস্কার কাজ শুরু করলেও পর্যাপ্ত বাজেটের অভাবে তার সবকিছু এখনো সম্পন্ন হয়নি। বিশেষ করে মসজিদের দ্বিতীয়তলার কাজ অসম্পূর্ণ থাকায় জুমার দিনসহ বিশেষ দিনগুলোতে শিক্ষার্থী ও এলাকার মুসল্লিদের মসজিদের বারান্দায় এবং সামনের উন্মুক্তস্থানে তপ্ত রোদ ও ধুলোবালির মধ্যে কষ্ট করে নামাজ পড়তে হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাকিল মিয়া বলেন- বিশ্ববিদ্যালয়ের ইমেজ নির্ভর করে বিশ্ববিদ্যালয় কতোটুকু মৌলিক সমস্যার সমাধান করতে পারছে তার ওপর। প্রায় সাত হাজার শিক্ষার্থীর পড়াশোনা যে বিশ্ববিদ্যালয়ে, সেখানে এমন ছোট্ট একটি মসজিদ সমীচীন নয়। যদিও প্রশাসন মসজিদের দ্বিতীয়তলা সম্প্রসারণের কাজ শুরু করেছিল। কিন্তু গত ৪-৫ মাস ধরে কাজ বন্ধ। কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মো. খলিলুর রহমান কাসেমি বলেন- শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের মুসল্লিরাও এখানে নামাজ পড়তে আসেন। ফলে প্রতি শুক্রবারে মসজিদে জায়গা সংকট দেখা দেয়। দ্বিতীয়তলার ছাদ সম্পন্ন হয়েছে, বাকি কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহীদুল হাসান বলেন- চলতি অর্থবছরে ছাদ নির্মাণ পর্যন্ত বাজেট ছিল। বাকি কাজের জন্য ইউজিসি’র কাছে বাজেট চাওয়া হয়েছে। নতুন অর্থবছরে বরাদ্দ পেলে অবশিষ্ট কাজ সম্পন্ন করা সম্ভব হবে। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন- আমরা মসজিদের পূর্ণাঙ্গ কাজের জন্য বাজেট প্রস্তাব করেছিলাম। তবে বরাদ্দ কম পাওয়ায় প্রাপ্ত অর্থ অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে আগামী অর্থবছরের জন্য সংশোধিত (রিভাইজড) বাজেটের আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন