শঙ্কা কেটে গেল। সবুজ সংকেত পেয়েছে ঢাকা প্রিমিয়ার লীগ। সব ক্লাবের অংশগ্রহণেই হচ্ছে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট। সময়স্বল্পতার কারণে ঠাসা সূচিতে হতে পারে ঢাকা লীগ। সেক্ষেত্রে দিনে তিন ম্যাচের পরিবর্তে হবে ছয় ম্যাচ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেছিল বিসিবি’র নতুন অ্যাডহক কমিটি। এই সভায় ছিলেন প্রিমিয়ার লীগের ১২ ক্লাবের প্রতিনিধিরা। দ্রুততম সময়ে কীভাবে দেশের শীর্ষ লীগটি মাঠে ফেরানো যায়, এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে লীগ খেলতে আগ্রহী ছিল মাত্র চার ক্লাব। তাই ঢাকা লীগ কীভাবে মাঠে গড়াবে তা নিয়ে সংশয় ছিল। শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লীগ নিশ্চিত করা ১২ দলই এখন খেলতে রাজি। এপ্রিলের শেষদিকে লীগ শুরুর সম্ভাবনা আছে। তা না হলে মে মাসের প্রথম সপ্তাহে লীগ মাঠে গড়াবে বলে জানা গেছে। ক্লাবগুলো থেকে দ্রুততম সময়ে লীগ শেষ করার তাগিদ দেয়া হয়েছে বিসিবি প্রধান তামিম ইকবালের কাছে। প্রয়োজনে ঠাসা সূচিতেও রাজি ক্লাবগুলো। এমনকি দিনে ছয় ম্যাচ খেলতেও আপত্তি নেই তাদের। সেটা হলে বিসিবিকে বাড়তি মাঠ প্রস্তুত করতে হবে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপি’র দুটি মাঠ সবসময় প্রস্তুত থাকে। সেই সঙ্গে ক্রিকেটার্স একাডেমি কিংবা পূবেরগাঁও ক্রিকেট একাডেমির মাঠও ব্যবহার করতে পারে বিসিবি। একইসঙ্গে ভেন্যু নিয়েও নতুন পরিকল্পনা সামনে এসেছে। প্রতিদিন ছয়টি ম্যাচ আয়োজনের চিন্তা থেকে ছয়টি মাঠ ব্যবহারের প্রস্তাব আলোচনা হয়েছে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় চার ভেন্যুর বাইরে আছে বসুন্ধরার রাইডার্স এরেনা, ক্রিকেটার্স একাডেমি এবং সিলিকন ভ্যালি গ্রাউন্ড। মাঠগুলোর প্রস্তুতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যাচাই করে শেষ পর্যন্ত কোন ভেন্যুগুলো ব্যবহার করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
যে ছয় ভেন্যুতে হতে পারে ঢাকা প্রিমিয়ার লীগ
স্পোর্টস রিপোর্টার
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
