আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে টিকিটের মূল্য কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাধারণ ক্যাটাগরির বাইরে নতুন করে আরও উচ্চমূল্যের প্রিমিয়াম ক্যাটাগরি যুক্ত করেছে। নতুন এই মূল্য তালিকায় মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের একটি টিকিটের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১০,৯৯০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ ৮৬ হাজার টাকারও বেশি। এর আগে ফাইনালের সর্বোচ্চ টিকিটের দাম ছিল ৮,৬৮০ ডলার।
কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামে নতুন স্তর যুক্ত করে টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দিলো ফিফা। আগে যেখানে ‘ক্যাটাগরি-১’ ছিল গ্যালারির নিচের সারির সবচেয়ে দামি আসন। এখন সেই আসনগুলোরই একটি অংশকে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নাম দিয়ে বাড়তি দাম ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে (প্যারাগুয়ের বিপক্ষে) ফ্রন্ট ক্যাটাগরি-১ আসনের দাম এখন ৪,১০৫ ডলার (প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা)। অথচ আগে এই একই ম্যাচের ক্যাটাগরি-১ টিকিটের দাম ছিল ২,৭৩৫ ডলার।
শুধু যুক্তরাষ্ট্র নয়, কানাডার উদ্বোধনী ম্যাচেও ‘ফ্রন্ট ক্যাটাগরি-১’ টিকিটের মূল্য সর্বোচ্চ ৩,৩৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কোনো ঘোষণা ছাড়াই ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে আরও একটি স্তর যুক্ত করা হয়েছে, যার মূল্য ১,৯৪০ থেকে ২,৩৩০ ডলারের মধ্যে। এমনকি রাউন্ড অব সিক্সটিনের ম্যাচগুলোতেও নতুন দামের টিকিট যুক্ত করা হয়েছে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য নকআউট পর্বের কিছু আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০৫ ডলার।
আগামী ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে বসবে ফুটবলের এই মহাযজ্ঞ।
বিশ্বকাপ ফাইনাল দেখতে গুনতে হবে ১২ লাখ টাকা!
স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
