ঝিনাইদহে খালের ওপর নির্মিত ৪৫ বছরের পুরনো একটি ব্রিজ ভেঙে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। ফলে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন দুই ইউনিয়নের স্কুলগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষ। এছাড়া বন্ধ হয়ে গেছে কৃষি পণ্য পরিবহনসহ মাঝারি ও পণ্যবাহী যানবাহন চলাচল। দশ কিলোমিটার রাস্তা ঘুরে পণ্যবাহী যানবাহন নিয়ে যেতে হচ্ছে এলাকাবাসীর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুইটি ইউনিয়নের হাজার হাজার মানুষ। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের একমাত্র ব্যবহারযোগ্য ও সংযোগ স্থাপনকারী সড়ক ‘বিষয়খালী জিসি-নগরবাথান জিসি ভায়া ডেফলবাড়ী’ সড়ক। আনুমানিক ৪৫ বছর আগে সড়কের ভবানীপুর-ডেফলবাড়ী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের’ খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ সেতুটি নির্মাণ করে। স্থানীয়রা জানান, গত বছরের প্রবল বৃষ্টিপাতের সময় পানির তোড়ে সেতুটি ভেঙে পড়ে। স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সেতুটি গত ৯ মাসেও নির্মাণ করা হয়নি। ফলে বেড়েছে স্থানীয় চলাচলকারী, পণ্য পরিবহনকারী ও যানবাহন চালকদের ভোগান্তি। সরজমিন দেখা গেছে, ব্রিজের পাটাতন ভেঙে খালের মাঝখানে পড়ে আছে। ভেঙে যাওয়া ব্রিজের জায়গায় বসানো হয়েছে বাঁশের সাঁকো। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ সাঁকো তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে বাঁশের সাঁকোও নড়বড়ে হয়ে পড়েছে। ফলে বন্ধ হয়ে গেছে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল চলাচল। স্থানীয় ভুক্তভোগী হাসমত বিশ্বাস বলেন- ৯ মাস আগে ব্রিজ ভেঙে গেছে। আমরা বারবার বিভিন্ন অফিসে জানিয়েছি। তারপরও কোনো সমাধান পাইনি। রাহাত হোসাইন নামে এক স্কুল শিক্ষার্থী বলে- আমরা নিয়মিত এই ব্রিজ পার হয়ে স্কুলে যেতাম। গত বছর ব্রিজটি ভেঙে যাওয়ার পরে সাঁকো বানানো হয়। এখন সাঁকোটিও ভেঙে যাওয়ার উপক্রম। জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে বাইসাইকেলে ও হেঁটে পার হতে হয়। সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন- সদর উপজেলার কুমড়াবাড়িয়া ও মহারাজপুর ইউনিয়নের সংযোগস্থাপনকারী ‘বিষয়খালী জিসি সড়ক টু নগরবাথান জিসি সড়ক ভায়া ডেফলবাড়ি’ সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। এই সড়কের ওপর দু’টি ব্রিজ ছিল। ব্রিজ দু’টি অনেক বছরের পুরনো। এর মধ্যে একটি ব্রিজ পুন:নির্মাণ করা হয়েছে। যে ব্রিজটি ভেঙে পড়েছে, সেটি পুন:নির্মাণের জন্য আমরা এরই মধ্যে দু’টি পৃথক প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছি। প্রকল্প অনুমোদন হয়ে গেলেই আমরা ব্রিজের নির্মাণকাজ শুরু করতে পারবো।’
ঝিনাইদহে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ
ঝিনাইদহ প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
