বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক স্টার্লিং

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নামার আগেই বড় এক ধাক্কা খেলো আয়ারল্যান্ড। হাঁটুতে লিগামেন্টের চোটের কারণে আসরের বাকি ম্যাচগুলোতে আর খেলা হচ্ছে না আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন আনক্যাপড তরুণ ব্যাটার স্যাম টপিং। ২০ বছর বয়সী বাঁহাতি ওপেনার বর্তমানে ভারতের চেন্নাইয়ে একটি অফ-সিজন ক্যাম্পে ছিলেন। লঙ্কান কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারবেন ভেবেই তাকে দ্রুত স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। টপিং গত ঘরোয়া মৌসুমে টি-টোয়েন্টিতে ১৪০ স্ট্রাইক রেটে রান তুলে নজর কাড়েন। গত বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাউন্ডারি লাইনে ক্যাচ নেয়ার সময় ডান হাঁটুতে আঘাত পান স্টার্লিং। ওই অবস্থাতেই ব্যাট করতে নেমেছিলেন তিনি। কিন্তু রান নিতে গিয়ে সেই ব্যথা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে যেতে বাধ্য হন এই অভিজ্ঞ ওপেনার। পরে স্ক্যান রিপোর্টে লিগামেন্টের চোট ধরা পড়ায় চিকিৎসকেরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। স্টার্লিংয়ের অনুপস্থিতিতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার লরকান টাকার। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও স্টার্লিং মাঠ ছাড়ার পর তিনি ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে টানা দুই হারে আয়ারল্যান্ডের সুপার এইটে ওঠার আশা এখন সুতোর ওপর ঝুলছে। আজ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ওমানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে আইরিশরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন