ট্রাম্পের ইরান যুদ্ধক্ষমতা সীমিতের উদ্যোগ আটকালো রিপাবলিকানরা

ট্রাম্পের ইরান যুদ্ধক্ষমতা সীমিতের উদ্যোগ আটকালো রিপাবলিকানরা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা ডেমোক্রেটদের একটি উদ্যোগ আটকে দিয়েছে, যার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরান-সংক্রান্ত সামরিক ক্ষমতা সীমিত করা।

বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত অধিবেশনে নিউ জার্সির রিপাবলিকান কংগ্রেসম্যান ক্রিস স্মিথ অধিবেশন দ্রুত সমাপ্ত করেন। এর ফলে ডেমোক্রেটরা সর্বসম্মত অনুমোদনের মাধ্যমে প্রস্তাবটি উত্থাপন করার সুযোগ পাননি।

ডেমোক্রেটরা গত কয়েক মাস ধরে বারবার চেষ্টা করে আসছে এমন একটি ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ পাস করতে, যাতে ট্রাম্পকে ইরান ও ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর আগে কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য করা যায়। তবে এসব উদ্যোগ এখন পর্যন্ত সফল হয়নি।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্পের দেয়া একটি মন্তব্য ডেমোক্রেটদের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে। এর প্রেক্ষিতে ডেমোক্রেটদের অনেকেই তাকে পদ থেকে অপসারণের দাবিও তুলেছেন। ইরানকে লক্ষ্য করে গত মঙ্গলবার ট্রাম্প তার বিতর্কিত মন্তব্যে বলেছিলেন, ‘আজ রাতে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট কংগ্রেসওম্যান সারা জ্যাকবস বলেন, গণহত্যার হুমকি কোনো আলোচনার কৌশল হতে পারে না।

তবে হোয়াইট হাউসের দাবি, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এসব পদক্ষেপ বৈধ এবং ‘কমান্ডার-ইন-চিফ’ হিসেবে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য সীমিত সামরিক অভিযান চালানোর অধিকার তার রয়েছে।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও, স্বল্পমেয়াদি সামরিক অভিযান বা তাৎক্ষণিক হুমকির ক্ষেত্রে প্রেসিডেন্ট এককভাবে পদক্ষেপ নিতে পারেন।

বর্তমানে সিনেট ও হাউসে রিপাবলিকানদের অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং তারা প্রায় সর্বসম্মতভাবে ট্রাম্পের নীতির পক্ষে অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে, এই রাজনৈতিক অচলাবস্থা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজনকে আরও স্পষ্ট করছে এবং ইরান ইস্যুতে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন