চূড়ান্ত যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা, আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে

চূড়ান্ত যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা, আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বলা হচ্ছে, যে কোনো সময় এই যুদ্ধবিরতির চুক্তি ভেঙে পড়তে পারে। লেবাননে ইসরাইল হামলা অব্যাহত থাকায় এমন উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘে ৬০টির মতো দেশ লেবাননে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের সঙ্গে আগামী সপ্তাহে ওয়াশিংটনে আলোচনায় বসবে ইসরাইল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরাইল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত বুধবার হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে হওয়া এ হামলা যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে।

এদিকে আজ থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের সংলাপ শুরু হওয়ার কথা। কিন্তু এখনও কোনো পক্ষের প্রতিনিধি ইসলামাবাদে এসে পৌঁছায়নি। তবে ইসলামাবাদকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সর্বোচ্চ সতর্কতায় রয়েছে দেশটির সরকার। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা বিশ্ব এখন পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, লেবানন ইস্যুতে সুরাহা না হলে আলোচনাও ভেস্তে যেতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন