ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র দুই মাসের কিছু বেশি। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে দু’টি দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। আগামী জুন মাসেই হন্ডুরাস ও আইসল্যান্ডের সঙ্গে খেলবে আলবিসেলেস্তেরা। নিউইয়র্ক টাইমসের খেলা বিভাগ দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ম্যাচ দু’টি খেলতে যুক্তরাষ্ট্রের ফুটবল ঐতিহ্যের দু’টি আইকনিক কলেজ ফুটবল স্টেডিয়াম বেছে নিয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ই জুন। এর আগে ৬ই জুন টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির বিখ্যাত কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর তিন দিন পর, ৯ই জুন আলাবামার ওবার্ন ইউনিভার্সিটির জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। ওবার্নের ৮৭ বছরের ইতিহাসে এটিই প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। অন্যদিকে, কাইল ফিল্ডে আগে ব্রাজিল-মেক্সিকো ম্যাচের মতো বড় ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। ১ লাখ ২ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামে ২০২৪-এর সেই ম্যাচে ৮৫ হাজারেরও বেশি মানুষের সমাগম হয়।
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি এ পর্যন্ত বিশ্বের ২২৩টি ভিন্ন ভেন্যুতে গোল করেছেন। এর মধ্যে ৩২টি স্টেডিয়াম যুক্তরাষ্ট্রে অবস্থিত। মজার ব্যাপার হলো, এবারের দু’টি ম্যাচের কোনোটিতেই গোল করতে পারলে সেটি হবে কোনো মার্কিন কলেজ ফুটবল স্টেডিয়ামে মেসির প্রথম গোল। আর ওবার্নের মাটিতে যদি তিনি বল জালে জড়াতে পারেন, তবে যুক্তরাষ্ট্রের অষ্টাদশ অঙ্গরাজ্য হিসেবে আলাবামায় গোলের খাতা খুলবে তার।
হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ উজ্জ্বল। এর আগে তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে তারা। তবে আইসল্যান্ডের বিপক্ষে মেসিদের স্মৃতি খুব একটা সুখকর নয়। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নবাগত দলটির সঙ্গে ১-১ গোলের ড্রয়ে করে থমকে যায় আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের আগেই সেই হিসাব চুকানোর সুযোগ পাচ্ছে স্কালোনি শিষ্যরা।
বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী ১৭ই জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশর শুরু করবে মেসিরা। গত মাসে স্পেনের সঙ্গে বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার পর এই প্রীতি ম্যাচ দু’টিই এখন দলকে ঝালিয়ে নিতে স্কালোনির ভরসা। জানা গেছে, আগামী ১৫ই এপ্রিল থেকে এই ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
