ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
বৃহস্পতিবার এক ঘোষণায় বলা হয়, আমেরিকান-জায়নিস্ট শত্রুর হামলায় পূর্বে আহত হওয়া খারাজি কয়েক ঘণ্টা আগে শহীদ হয়েছেন।
গত সপ্তাহে ইরানি কর্মকর্তারা জানান, চলতি মাসের শুরুতে তার বাসভবন লক্ষ্য করে চালানো ওই হামলায় খারাজির স্ত্রী নিহত হন এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য, গত মার্চ মাসে তেহরানে সিএনএনের সাংবাদিক ফ্রেডেরিক প্লাইটগেন খারাজির একটি বিশেষ সাক্ষাৎকার নেন, যা ইরান সরকারের অনুমতি নিয়ে সম্পন্ন হয়। ওই সাক্ষাৎকারে খারাজি বলেন, ইরান দীর্ঘ সময় ধরে এই সংঘাত চালিয়ে যেতে সক্ষম এবং কূটনৈতিক সমাধানের খুব বেশি সুযোগ তিনি দেখেন না। তার মতে, অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিণতি নির্ধারণ করবে।
এই মৃত্যুর ঘটনা চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
